আগামী ৮ মার্চের পর থেকে করোনা আক্রান্ত নন এমন সার্টিফিকেট ছাড়া ঢুকতে দেয়া হবে না বলে নোটিশ দিয়েছে কুয়েত সরকার। তাই এমন সার্টিফিকেটের জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশিরা এসেছেন আইইডিসিআরের সামনে।
তবে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর জানিয়েছে, এখানে করোনা শনাক্তে পরীক্ষা করা হয়, কিন্তু কোন সার্টিফিকেট প্রদান করা হয় না। কারো মধ্যে লক্ষণ উপসর্গ না থাকলে করোনা পরীক্ষা করা হয় না। আইইডিসিআরের এমন সার্টিফিকেট দেয়ার এখতিয়ার নেই।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সার্টিফিকেট বিষয়ে উদ্ভূত সমস্যা সমাধানে করণীয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দূতাবাসকে যোগাযোগ করতে হবে।
মোংলাবন্দরে একটি জাহাজে কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু আক্রান্ত দেশই নয়, যেকোন দেশ থেকে আসা নাগরিকদেরই স্ক্রিনিং করা হচ্ছে।
প্রবাসে করোনা আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, ইতালিতে বাংলাদেশি করোনা আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল। তাকে বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিঙ্গাপুরের করোনা আক্রান্ত বাকি দুইজনের মধ্যে ১ জন মোটামুটি সুস্থ, তাকে যেকোন সময় ছেড়ে দেয়া হবে। আইসিইউতে থাকা ১ জনের অবস্থা অপরিবর্তিত।
করোনা নিয়ে আইইডিসিআরের হটলাইনে ১৫৬টি কল এসেছে। করোনা সম্পর্কিত কল বেশি। ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
করোনা ভাইরাসে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৪৮১ জন মানুষ। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৮৬ জন। যাদের বেশিরভাগই চীনে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন মানুষ।







