স্বাস্থ্য

করোনায় আরও ৫ জনের মৃত্যু

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

Health worker in protective gear giving COVID-19 vaccine to an elderly man in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৩৪তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জন।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৫৭ জন। শনাক্তের হার এক দশমিক ৮৬ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৩২৭  জন।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍শুক্রবার ‍সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ৮০১টি পরীক্ষায় ২৫৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৮৬ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯০ লাখ ৫৯ হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৫৪হাজার ৩৯৪টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১৮৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৯৯ জনসহ মোট ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের সবাই পুরুষ। তাদের সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১০৫ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৯ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৫ কোটি ৩৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লাখ ৫২ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ কোটি ৮২ লাখের বেশি।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…