চীনে টানা ১৩ দিন নতুন করে করোনা শনাক্ত না হওয়ায় জনসাধারণের মাস্ক পরার ওপর থেকে বাধ্যবাধকতা তুলে নিয়েছে বেইজিং স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এখন থেকে লোকজন মাস্ক না পরেই বাইরে বের হতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তবে মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও শুক্রবার রাজধানীর বিপুল সংখ্যক লোককে মাস্ক পরতে দেখা যায়।
অনেক বলছেন, মাস্ক পরে বের হতে তারা নিরাপদবোধ করছেন। আবার কেউ বলছেন যে, মাস্ক পরে চলাটা সামাজিক একটা চাপও ছিলো।
‘আমি জানি যে, আমি যেকোনো সময় আমার মাস্ক খুলে ফেলতে পারি। তবে অন্যরা এটা গ্রহণ করে কিনা তাও আমাকে দেখতে হবে। কারণ আমি ভয় করি যে, লোকজন মাস্ক না পরা দেখে ভয় পেয়ে যেতে পারেন’ নাম প্রকাশে অনিচ্ছুক ২৪ বছর বয়স্ক এক নারী রয়টার্সকে এমনটাই বলছিলেন।
এবার দ্বিতীয়বারের মতো মাস্ক পরার ওপর বাধ্যবাধকতা তুলে নিয়েছে বেইজিং স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর আগে এপ্রিলে একবার তুলে নেওয়ার পর জুনে পুনরায় ভাইরাস দেখা দিলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগ নিয়ন্ত্রণে দেশের সাফল্যের মূল চাবিকাঠি ছিলো মাস্ক পরা, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব মেনে চলতে বাধ্য করা।
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে মোট ৮৪ হাজার ৯১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন।








