গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তাদের ৭ জন স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে কাজ করেন। অন্য ৬ জন বাইরে কাজ করেন। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সালাম সরকার জানান, বুধবার কাপাসিয়ায় ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের ১৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
হাসপাতালের সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে হাসপাতালের ভেতরে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ২ জন নার্স, ১ জন সহকারি নার্স, ১ জন স্টোর কিপার, হিসাব রক্ষকসহ মোট ৭ জন। আক্রান্ত বাকি ৬ জন স্বাস্থ্য সহকারি। যারা হাসপাতালের বাইরে কাজ করেন।
তাদের সবাইকে প্রাথমিক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হবে।
তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ওই সূত্রটি আরো জানায়, হাসপাতালের কাজকর্ম কিভাবে চালানো হবে, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।









