ভারতের দিল্লীতে অনুষ্ঠিত আইআইএফএল ২য় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবার অষ্টম রাউন্ডের খেলা শেষে ৮ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ৬ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন একসেস চেস ক্লাবের দাবাড়ু দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান।
একটা জিএম নর্মের লক্ষ্য নিয়ে বর্তমানে দিল্লীতে অবস্থান করা ফিদে মাস্টার ফাহাদ খেলবেন চারটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। পাশাপাশি তিনটি ভিন্ন দেশে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ারও বাসনা তার।
বাংলাদেশ দাবা ফেডারেশন ও দাবা বিশেষজ্ঞরা জানিয়েছেন, আইআইএফএল ২য় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবার এ আসরেই আন্তর্জাতিক মাস্টার হতে পারেন ফাহাদ।
ক্ষুদে ফাহাদের প্রতিভাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন আমরাই বাংলাদেশের কো-ফাউন্ডার আরিফ আর হোসেন।
সেখানে তিনি লেখেন;
‘হি নিডস হেল্প
এই ক্লাস এইটে পড়ুয়া পিচ্চি না পারছে দ্বারে দ্বারে ঘুরে ফাইনান্সিয়াল হেল্প নিতে… আবার না পারছে বাইরের দেশের প্রতিযোগিতাগুলোতে তার চাকুরীজীবী বাবার টাকায় যেতে
কোনও কোম্পানি যদি তাকে মাসে ২০ হাজার টাকাও স্টাইপেন্ড দেয়, এই ছেলে একদিন বড় হয়ে দেশের নাম উজ্জ্বল করবে
এই পুচকে ২০১২ সালেই দিল্লীতে ‘এশিয়ান স্কুল দাবায়’ চ্যাম্পিয়ান হয়ে ৩টি পদক নিয়ে ফিরে আসে
আজ থেকে ৫ বছর আগের কথা এটা
এখনও ছেলেটা হারিয়ে যায়নি…ট্রেইস করার মত অবস্থায় আছে
কোনও কোম্পানি কি মাসে ২০ হাজার টাকা স্টাইপেন্ড দিয়ে হলেও এগিয়ে আসতে পারে না এই ছেলেটার জন্য?’
তিনি তার স্ট্যাটাসের কমেন্টে আরো জানান, স্ট্যাটাসটি দেওয়ার পর পরই দেশের স্বনামধন্য টেলিকম কোম্পানী রবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা ফাহাদকে তার স্বপ্ন বাস্তবায়নে স্পন্সর করতে চায়।
তবে আরিফ আর হোসেন দেশের বাইরে থাকায় চ্যানেল আই অনলাইনের মুঠোফোনে কথা বলা সম্ভব হয়নি। জানা গেছে রবি’র সঙ্গে এখনো চূড়ান্ত কথা হয়নি, সব কিছু ঠিক থাকলে তারা প্রেস কনফারেন্স করে মিডিয়াকে জানাবে।
২০১৩ সালে ফিদে মাস্টারের খেতাব পান ফাহাদ। মাত্র তের বছর বয়সী ফাহাদ সবাইকে অবাক করে দিয়ে দুবাই ওপেনে চ্যাম্পিয়ন হন গেল বছরের শুরুর দিকে।
ফাহাদের স্বপ্ন কনিষ্ঠতম আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার হওয়া। ছোট্ট ফাহাদ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে হারিয়েছিলেন। এছাড়া এক রাশান গ্র্যান্ড মাস্টারকেও ফাহাদের কাছে পরাজয় মেনে নিতে হয়েছিল।







