কনডেম সেলে ১৬ বছর: আসামীর আপিল শুনানির জন্য নির্ধারিত

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, ঐতিহাসিক স্থাপনা, আধুনিক স্থাপত্যশৈলী, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
দীর্ঘ ১৬ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামীর আপিল শুনানি জন্য নির্ধারণ করলেন দেশের সর্বোচ্চ আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কাজি আব্দুল্লাহ আল মাসুমের আপিলের বিষয়টি মঙ্গলবার তার আইনজীবী খুরশিদ আলম খান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগের নজরে এনে বলেন, ‘এই আপিলের বিষয়টি অনেকদিন ধরে শুনানির জন্য আছে। আসামী ১৬ বছর ধরে কনডেম সেলে আছেন। এটি একটু দ্রুত শুনানির আবেদন করছি।’
এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালত বিষয়টি আগামীকাল শুনানির কার্যতালিকার ২০ নম্বর আইটেমের মধ্যে থাকবে বলে আদেশ দেন।
এই মামলার বিষয়ে আইনজীবী খুরশিদ আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দস্যুতা ও হত্যার অভিযোগে করা এক মামলায় ২০০৮ সালে আসামী কাজি আব্দুল্লাহ আল মাসুমকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্র্যাইব্যুনাল। এরপর হাইকোর্ট সে দণ্ড বহাল রাখেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামী ২০১৫ সালে আপিল করেন। তবে সে আপিলের শুনানি এতোদিনে হয়নি। যেখানে ২০০৮ সালে ট্র্যাইব্যুনালের দেয়া রায়ের পর থেকেই আসামি কারাগারের কনডেম সেলে বন্দী রয়েছেন। তাই এতদিন ধরে কনডেম সেলে থাকা আসামীর আপিলটি দ্রুত শুনানির আবেদন করলে আজ আপিল বিভাগ বিষয়টি আগামীকাল শুনানির জন্য নির্ধারণ করেন।






