ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআর কঙ্গো) বাংলাদেশি শান্তিরক্ষীরা কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে আভিযানিক সাফল্য পেয়েছে।
পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র্যাপিড ডেপ্লয়েড ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) গত ৩০ এপ্রিল ও ৩ মে দু’টি সফল অভিযান পরিচালনা করে, কাসিগবানা ও কা গ্রামের অধিবাসীদের কোডেকো মিলিশিয়াদের আক্রমণ হতে রক্ষা করে।
আজ বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোডেকো মিলিশিয়া বাহিনীর সম্ভাব্য লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪ কন্টিনজেন্টের টহলদল সাঁজোয়াযানসহ দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী বাংলাদেশি শান্তিরক্ষী টহলদলের উপর প্রবল গুলিবর্ষণ শুরু করে।
পরে ব্যানআরডিবি-৪ এর টহলদল অত্যন্ত সাহসিকতার সাথে মিলিশিয়া বাহিনীর উপর পাল্টা আক্রমণ করে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে কাসিগবানা এবং কা গ্রামের অধিবাসীরা।
ব্যানআরডিবি-৪ চলতি বছরের মার্চ মাস থেকে ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে।








