উদীয়মান ক্রিকেটারদের সামর্থ্য দেখানোর মঞ্চ হতে পারে ইমার্জিং এশিয়া কাপ। আট দলের এই লড়াই শুরু হবে ২৭ মার্চ। বাংলাদেশ দল বেশ আগেই টুর্নামেন্টের ভেন্যু কক্সবাজার রওনা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৪ টাইগার ক্রিকেটার। সঙ্গে কোচ ও ম্যানেজারসহ ছয় জন। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধ ও বৃহস্পতিবার ক্রিকেটাররা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। এজন্যই কক্সবাজার যাত্রায় বিশাল বহর।
ফতুল্লায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ইমার্জিংয়ের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তখন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না হওয়ায় ‘টিম’ হয়ে ওঠা হয়নি। ১৫ সদস্যের দল চূড়ান্ত হওয়ায় কক্সবাজারে প্রস্তুতি ম্যাচ হবে মূল দল ও দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল মনে করছেন, এর মাধ্যমে টুর্নামেন্ট শুরুর আগেই টিম হয়ে উঠতে পারবে দল।
বিমানবন্দরে যাওয়ার আগে বিসিবি একাডেমি ভবনে দাঁড়িয়ে চ্যানেল আই অনলাইনকে মিজানুর বলেলেন, ‘ফতুল্লায় আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলেছি সেখানে পুরো দলটা ছিলো না। এখন কক্সবাজারে যে দুটো ম্যাচ খেলবো সেখানে পুরো টিম খেলবে। ওখানে খেলোয়াড়দের মাঝে বোঝাপড়া হয়ে যাবে। পরপর দুটি প্রস্তুতি ম্যাচ খুবই সহায়তা করবে। টুর্নামেন্টেও আমাদের পরপর দুটি ম্যাচ আছে। সেইভাবে অভ্যাস যাতে গড়ে ওঠে সে চিন্তা থেকেই প্রস্তুতি ম্যাচ।’
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক। তার ডেপুটি হিসেবে আছেন নাসির হোসেন। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই টুর্নামেন্টে টেস্ট খেলুড়ে দেশগুলো চারজন করে তেইশোর্ধ্ব ক্রিকেটার খেলাতে পারবে। বাকি চার দেশের জাতীয় দল অংশ নেবে। ২৩ পেরিয়ে যাওয়া বাংলাদেশের বাকি দুই ক্রিকেটার মোহাম্মদ মিথুন ও আবুল হাসান রাজু।
১৫ সদস্যের দলে জায়গা পাওয়াদের মধ্যে ৭ ক্রিকেটারের রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। বাকি যারা আছেন তারাও ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত। প্রথম বিভাগের লিগে পঞ্চাশ ওভারের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৬৮ বলে অপরাজিত ২২২ রানের ইনিংস খেলা আজমীর আহমেদ আছেন দলে। ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে নির্বাচকদের নজর কেড়েছেন। কক্সবাজার যাওয়ার আগে চ্যানেল আই অনলাইনকে আজমীর বললেন, ‘ভাবিনি মূল দলে চলে আসবো। সেঞ্চুরির পর একটা আশা ছিল। খুব ভালো লাগছে। ভালো খেলে দেশকে কিছু দিতে চাই।’
কোচ মিজানুর রহমান এই দল নিয়ে লড়তে চান টুর্নামেন্টের শেষ পর্যন্ত। জানালেন চোখ থাকবে শিরোপায়, ‘এমন দল নিয়ে শিরোপা জয় তো আশা করাই যায়। সে লক্ষ্যেই আমরা খেলবো। নিজেদের চেনা কন্ডিশন, চেনা মাঠ। জাতীয় দল ভালো করায় সবার ভেতরে একটা উৎসাহ কাজ করছে।’
প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছেন পেসার শফিউল ইসলাম, আল আমিন হোসেনরাও। শফিউল আছেন অপেক্ষমান তালিকায়। শিরোপার আশা তিনিও করছেন, ‘যারাই খেলবে তাদের জন্য ভালো একটা সুযোগ। অনেক ভালো দল হয়েছে আমাদের। মুমিনুল, নাসির, মিরাজ, রাজু, মিঠুনরা আছে। অনূর্ধ্ব-১৯ দলের বেশ ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে। ওদের ভালো করার সামর্থ্য আছে। নিজেদের ট্যালেন্ট অনুযায়ী খেললে ইতিবাচক ফলই আসবে।’
আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে ইমার্জিং কাপের লড়াই। স্বাগতিক বাংলাদেশ ছাড়া এশিয়ার অন্য সাতটি দেশ ২৫ মার্চ থেকে আসতে শুরু করবে। টুর্নামেন্টের প্রথম দিনেই চার ভেন্যুতে গড়াবে চারটি ম্যাচ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই শেখ কামাল স্টেডিয়ামে।
অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে হবে বাকি ম্যাচগুলো। আর শুধুমাত্র ৩ এপ্রিলের ফাইনাল ম্যাচটি হবে দিবা-রাত্রির।







