ওমর সানির প্রশ্ন আর চলচ্চিত্র শিল্পী সমিতির জবাব

ওমর সানি ও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়
৫ মে থেকে এ পর্যন্ত সংঘটিত নানা ঘটনার ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে জবাব চেয়েছেন চিত্রনায়ক ওমর সানি। আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বিভিন্ন ঘটনায় সংগঠনটির নেতাদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শাকিব খানকে আঘাত করা, নায়করাজ রাজ্জাক ও বাপ্পারাজকে অপমান, চিকন আলীকে আঘাত করা এবং চিত্রনায়ক আলমগীরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার বিপরীতে সমিতির নেতারা কার্যকর ভূমিকা এবং পদক্ষেপ কেন নেয়নি—এ ব্যাপারে জবাব চেয়েছেন ওমর সানি।
চ্যানেল আই অনলাইনকে ওমর সানি বলেন, ‘শিল্পীদের ওপর আঘাত আসবে, কটুক্তি হবে এবং সেটা নিয়ে সমিতির কোনো পদক্ষেপ নেবে না— এই সমিতি দিয়ে আমরা কী করব। সমিতির নেতাদের সামনেই এসব হচ্ছে, অথচ তারা কোনো প্রতিবাদ করছে না। কিন্তু শিল্পীদের কোনো সমস্যা হলে তাদেরই এগিয়ে আসার কথা ছিল।’
এ ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘সব কিছুর নিয়ম আছে। তিনি (ওমর সানি) ফেসবুকে জাতির উদ্দেশ্যে বক্তব্য ছাড়বেন, সেটা তো আর আমাদের দেখার বিষয় নয়। কোনো বক্তব্য থাকলে আমাদেরকে সরাসরি জানান। আমরা তো একই পরিবারের। আর যে সব প্রশ্ন তিনি রেখেছেন, সে সব বিষয়ের সঙ্গে সমিতি সরাসরি যুক্ত নয়। যে শিল্পী ক্ষতিগ্রস্থ কিংবা হেনস্থা হবেন, সেটা তো আমাদেরকে জানাতে হবে। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি কিনা, সেটা আপনারা দেখবেন।’
এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন চিত্রনায়ক ওমর সানি। গত ৫ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ছবি: সংগৃহীত







