এয়ারলাইন কর্মীর ‘রহস্যময়’ প্লেন চুরি

যুক্তরাষ্ট্রে সিয়াটল-টাকোমা বিমানবন্দর থেকে খালি যাত্রীবাহী উড়োজাহাজ চুরি ও বিধ্বস্তের ঘটনায় দায়ী ব্যক্তি বিমানবন্দরেরই একজন কর্মী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর, রানওয়ে এবং প্লেনের ভেতরে থাকার সব ধরনের অনুমতি তার ছিল।
কিন্তু প্লেন চুরির ঘটনাটা কেন ঘটল তা এখনো পরিষ্কার নয়। এ রহস্যের কূল-কিনারা এখনো পাওয়া যাচ্ছে না।
কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের দেয়া তথ্য অনুসারে, শুক্রবার সন্ধ্যায় ওই উড়োজাহাজ নিয়ে অনুমতি ছাড়াই উড়াল দেন ২৯ বছর বয়সী রিচার্ড রাসেল। ঘটনার সাথে সাথে বন্ধ করে দেয়া হয় ওই বিমানবন্দরের কার্যক্রম। উড়োজাহাজকে ধাওয়া করে দু’টো এফ-১৫ ফাইটার জেট।
দারুণ কিছু স্টান্ট দেখিয়ে প্রায় ৯০ মিনিট পর চুরি হওয়া প্লেনটি ঘনবসতিপূর্ণ পুগেট সাউন্ড অঞ্চলের কেট্রন আইল্যান্ডে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই মারা যান রিচার্ড রাসেল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারলাইন কর্মী রিচার্ড রাসেল তিন বছরেরও বেশি সময় ধরে হরিজন এয়ার কোম্পানিতে চাকরি করছিলেন। তার দায়িত্ব ছিল উড়োজাহাজ টো করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেয়া, পরিষ্কার করা এবং ব্যাগ-লাগেজ তুলে দেয়া।
পিয়ার্স কান্ট্রির শেরিফের কার্যালয় নিশ্চিত করে জানিয়েছে এটা কোনো সন্ত্রাসী ঘটনা ছিল না। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে হওয়া কথোপকথনের ট্রান্সক্রিপ্টে রিচার্ডকে (লিখিত রূপ) দেখা গেছে একজন হতভম্ব ব্যক্তি হিসেবে, যিনি নিজের ‘কীর্তি’তে নিজেই অবাক। তিনি হরিজন এয়ারের কিউ৪০০ মডেলের উড়োজাহাজটি চালানো সম্পূর্ণটা জানতেনও না।
এফবিআইয়ের সিয়াটল প্রধান জে ট্যাব বলেন, ‘আপাতত আমাদের বিশ্বাস রিচার্ডই প্লেনে একমাত্র আরোহী ছিলেন। কিন্তু বাস্তবতা হলো, প্লেন বিধ্বস্ত হওয়ার স্থানে গিয়ে বিষয়টা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
‘বিবো’ ডাকনামের রিচার্ড রাসেলকে এখনো আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজটির পাইলট বলে ঘোষণা না দেয়া হলেও তার পরিবার ও মার্কিন গণমাধ্যম এমনটাই ধারণা করছে।
রিচার্ডের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, বিবোর মতো একজন উষ্ণ হৃদয়ের সহানুভূতিশীল মানুষের এমন পরিণতিতে তারা স্তম্ভিত।







