এশিয়া কাপ টি-টুয়েন্টি খেলতে শ্রীলঙ্কার পথে রওনা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল টিম টাইগ্রেস। চার বছর পেরিয়ে পরের আসর বাংলাদেশে বসলে পঞ্চম হতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতিদের। বাস্তবতা মাথায় রেখে এবারের এশিয়া কাপে লক্ষ্য নির্ধারণ করেছে দল। প্রাথমিক লক্ষ্য গ্রুপপর্বে ভালো খেলে সেমিফাইনালে ওঠা।
২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশ অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি দেশ ছাড়ার আগে সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন, ‘সবশেষ এশিয়া কাপে আমরা যা করেছি, সেমিফাইনালেও যেতে পারিনি। আমাদের প্রথম টার্গেট থাকবে সেমি নিশ্চিত করার। এজন্য প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ।’

‘লম্বা সময় ধরে আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স আমরা দেখেছি, কিন্তু দল হিসেবে পজিটিভ রেজাল্ট নেই। একটা মোমেন্টামের জন্য শ্রীলঙ্কা ম্যাচ অনেকবেশি গুরুত্বপূর্ণ। ভালো শুরু দিয়ে আমরা ভালো রেজাল্ট করতে চাচ্ছি।’
সাবেক দুই অধিনায়ক রুমানা আহমেদ ও জাহানারা আলম এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলের অংশ হলেন। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেন তারা।







