অপরাধ

এলিয়েন মডেলের গাড়ি ছিনতাইয়ের জন্যই উবার চালককে হত্যা

এলিয়েন মডেলের গাড়ি ছিনতাইয়ের জন্যই উবার চালককে হত্যা

আট লাখ টাকা চুক্তিতে এক ব্যক্তিকে একটি এলিয়েন মডেলের গাড়ি সরবরাহের কথা ছিল ছিনতাইকারী চক্রের। সে জন্য অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা উবারে কল দিতে থাকে তারা। এক পর্যায়ে ৫ বার চেষ্টার পর টয়োটার এলিয়েন মডেলের গাড়ির খোঁজ মেলে।

এরপর পরিকল্পনা অনুযায়ী গন্তব্যে যাওয়ার জন্য সেই গাড়িতে চড়ে বসে তিন ছিনতাইকারী। উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় পৌঁছালেই গাড়ি ছিনতাইয়ের জন্য উবার চালক আরমানকে (৪২) গলা কেটে খুন করেন যাত্রীবেশে তিন ছিনতাইকারী।

শনিবার রাজধানী ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরমান হত্যাকাণ্ডের ঘটনায় সিজান (২৪), শরিফ (১৯) ও সজিবকে (২০) গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

রোববার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, গত ১৩ জুন রাতে মধ্যে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের একটি বাড়ির সামনে গাড়ির মধ্যে চালক আরমানকে গলা কেটে হত্যা করা হয়। তদন্তের এক পর্যায়ে জানা যায়, উবার চালক আরমান হত্যার মূল পরিকল্পনাকারী সিজান এবং তার সঙ্গে ছিল শরিফ ও সজিব।

উবার চালক হত্যায় গ্রেপ্তার তিন আসামি

ঘটনা সম্পর্কে ডিবি প্রধান জানান, ছিনতাইকারী চক্রটির টার্গেট ছিল একটি টয়োটা এলিয়েন মডেলের গাড়ি ছিনতাই করা। টার্গেট হিসেবে বেছে নিয়েছিল রাইড শেয়ারিং কোম্পানি উবারের গাড়ি। পরিকল্পনা অনুযায়ী এলিয়েন গাড়ি পেতে উবারের রাইড রিকয়েস্টে এক-দুই বার নয়, পাঁচ বারের চেষ্টা করে কাঙ্খিত এলিয়েন মডেলের গাড়ি পেয়ে যান তারা।

গ্রেপ্তার সিজান আগেও গাড়ি ছিনতাই করেছে। জনৈক এক ব্যক্তিকে ৮ লাখ টাকায় এলিয়েন মডেলের গাড়ি সরবরাহে চুক্তি হয়। এরপর এলিয়েন গাড়ি ছিনতাইয়ের লক্ষ্যে সিজান রামপুরায় অবস্থিত তার বাসার ছাদে শরিফকে নিয়ে পরিকল্পনা সাজায়। এক পর্যায়ে তাদের পরিকল্পনায় সজীবকে যুক্ত করে।

পরিকল্পনা অনুযায়ী ১৩ জুন নিউমার্কেট থেকে দুইটি সুইচ গিয়ার চাকু কেনে তারা। রাত আনুমানিক ১১টার দিকে রামপুরা থেকে সিজান উবারের মাধ্যমে গাড়ি কল করলে গাড়িটি এলিয়েন না হওয়ায় কল বাতিল করে দেয়। এভাবে পঞ্চমবারের চেষ্টায় পেয়ে যায় উবার চালক আরমানের এলিয়েন মডেলের গাড়িটি। এরপর গাড়িতে চড়ে তারা উত্তরার উদ্দেশে রওনা হয়।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরস্থ ১৬ নং রোডে নীরব স্থানে গাড়িটি থামাতে বলে। গাড়ির ভাড়া পরিশোধ না করে ২০ মিনিট অপেক্ষা করে আনুমানিক রাত ১২ টা ৩৭ মিনিটের দিকে চারদিকে নিরাপদ মনে করে সিজানের ইশারায় চালক আরমানের পেছনের ছিটে বসা শরিফ আরমানের মাথার চুল পিছনের দিকে টেনে ধরে চাকু দিয়ে গলা কেটে গাড়ি থেকে নেমে যায়। পরবর্তী সময়ে আশপাশে পরিবেশ অনুকুল না হওয়ায় আরমানের মৃত দেহসহ গাড়িটি রেখে তারা পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এলিয়েন মডেলের প্রাইভেটকার ছিনতাই করার উদ্দেশ্যেই তারা উবার চালক আরমানকে গলা কেটে হত্যা করেছে বলে জানান আব্দুল বাতেন।

বিষয়:উবার চালক হত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…