প্রায় এক যুগ। দীর্ঘ সময় পর নিউজিল্যান্ডের মাটিতে কোন সফরকারী দলের ওপেনার সেঞ্চুরি পেয়েছেন। তাতে তিনশর ওপরে সংগ্রহ গড়েছে সাউথ আফ্রিকা। পরে কেন উইলিয়ামসনের ব্যাটে দারুণ জবাব দিচ্ছে স্বাগতিকরাও।
ডানেডিনের ইউনিভার্সিটি অফ ওভাল স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ইনিংসে ৩০৮ রানে গুটিয়ে গেছে সাউথ আফ্রিকা। জবাবে ৩ উইকেটে ১৭৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড।
উইলিয়ামসন ৭৮ ও জিতান প্যাটেল ৯ রানে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন। সাজঘরে ফেরাদের মধ্যে জিত রাভাল ৫২ রান করেছেন। ফেরার আগে অধিনায়কের সঙ্গে ১০২ রানের জুটি গড়েন রাভাল। পায়ের পেশিতে টান নিয়ে রস টেইলর ৮ রানে আহত অবসরে গেছেন।
কেশব মহারাজ ২ উইকেট নিয়ে স্বাগতিকদের পরীক্ষায় ফেলেছেন। অন্য উইকেটটি ভারনন ফিনল্যান্ডারের।
এর আগে প্রথমদিনের ৪ উইকেটে ২২৯ রানে সকাল শুরু করে তিনশর পরপরই থামে প্রোটিয়ারা। আগের দিনই শতক পূর্ণ করা ডিন এলগার ১৪০ রানে আউট হন। তার আগে কিউইদের মাটিতে কোন সফরকারী ওপেনারের সেঞ্চুরির ঘটনাটি ছিল ২০০৫ সালে। শ্রীলঙ্কান মারভান আতাপাত্তু নেপিয়ারে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন। এক যুগের অপেক্ষাটাই ঘোচালেন প্রোটিয়া উদ্বোধনী।
বাকিদের মধ্যে ফ্যাফ ডু প্লেসিসের ব্যাট থেকে এসেছে ৫২ ও টেম্বা বাভুমার থেকে ৬৪।
ট্রেন্ট বোল্ট ৬৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা হন্তারক। নেইল ওয়াগনার ৩টি ও জিতান প্যাটেলের ঝুলিতে গেছে ২টি করে উইকেট।








