এম খায়রুজ্জামানকে শিগগির দেশে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহরিয়ার আলম একান্ত সাক্ষাৎকারে বসে আছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও কাঠের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন: মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের হাতে আটক বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে শিগগির দেশে ফিরিয়ে আনা হবে।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন: খায়রুজ্জামানকে ডিপোটেশন সেন্টারে কারান্তরীণ করে রাখা হয়েছে। আমি যতদূর বুঝি, আবারও তাকে সশরীরে জিজ্ঞাসাবাদ করার এবং মামলাটিকে খতিয়ে দেখার সুযোগ আছে। সেটা আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে। যত দ্রুত সম্ভব আমরা তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।
তিনি যোগ করেন: যেকোন প্রবাসী কোনো অপরাধ করলে তাকে আমরা ফিরিয়ে আনি যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে। তিনি আইন লঙ্ঘন করেছেন, আমরা তাকে ফিরিয়ে আনছি।
বুধবার সকালে কুয়ালালামপুরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে। এক দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বাস করছেন অবসরপ্রাপ্ত মেজর এম খায়রুজ্জামান।
১৯৭৫ সালের জেল হত্যা মামলার অভিযুক্ত আসামি ছিলেন তিনি। পরবর্তীতে খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ার হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে তাকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে ঝুঁকি মনে করে কুয়ালালামপুরেই থেকে যান খায়রুজ্জামান। সংগ্রহ করেন জাতিসংঘের শরণার্থী কার্ড।







