গাইবান্ধায় সরকার দলীয় সংসদ সদস্যকে হত্যা করা সন্ত্রাসীদের নতুন কৌশল, এতে সরকার উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সঙ্গে তিনি বলেন, সবকিছুতেই বিশেষ নজর রাখছে সরকার।
গতকাল শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার নিজ বাড়িতে দুর্বৃত্তরা মঞ্জুরুল ইসলাম লিটনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে কে বা কারা এই গুলি চালিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।
এর আগে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় সমালোচিত হন এমপি লিটন। ২০১৫ সালের ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
শিশুটির বাবা সাজু মিয়া ঘটনার পরদিনই সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।







