টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনিরসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা বাদী হয়ে গোপালপুর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।
পরে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালপুর থানা পুলিশকে এফআইআর করার জন্য নির্দেশ দেন।
বাদীর আইনজীবী জাহাঙ্গীর বলেন: হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা গত ১৫ সেপ্টেম্বর নলদা সিমলা বাজারে কর্মীদেরকে নিয়ে জনসভার আয়োজন এর প্রস্তুতি সভা করছিলেন। এ সময় গোপালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শফিকসহ ৭ থেকে ৮ জন মোটরসাইকেলযোগে এসে অতর্কিত জুয়েল রানার উপর আক্রমণ করে।
তিনি বলেন: এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীর ও মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।
বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে টাঙ্গাইল-২ আসনের সাংসদকে হুকুম ও পরিকল্পনার আসামী করে নয় জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।







