যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডেনাল্ড ট্রাম্প এবার তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন। মিশিগানের নির্বাচনী প্রচারণায়, ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশীদের এক বিতর্কে হিলারীর বিরতি নেওয়ার ঘটনাকে অাক্রমণের অশ্লীল অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এ রিপাবলিকান।
এর আগে, গত শনিবার ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশীদের এক বিতর্ক চলাকালীন সময়ে হিলারি টয়লেটে যাওয়ার জন্য বিরতি নিয়েছিলেন। এ প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, তিনি বুঝি হাল ছেড়ে দিতে যাচ্ছে। তিনি কোথায় গিয়েছিলেন? তাকে ছাড়াই বিতর্ক শুরু করতে হলো। আমি জানি তিনি কোথায় গিয়েছিলেন। এটা খুবই বিরক্তিকর। আমি এ নিয়ে কথা বলতে চাই না।’
২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামার কাছে হিলারির হেরে যাওয়ার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘তিনি ওবামাকে হারাতে গিয়েছিলেন। কিন্তু কি পেলেন? তিনি মাতাল হয়ে গিয়েছিলেন। এবং হারলেন’
তবে ট্রাম্পের এ মন্তব্য নিয়ে কোন মন্তব্য করেননি হিলারি। হিলারির জনসংযোগ বিভাগের পরিচালক জেনিফার পালমেরি এক টুইট বার্তায় জানিয়েছেন ‘যারা শুনেছেন, তারা সবাই বুঝেছেন, এ ধরনের মন্তব্য সব নারীর জন্য কতটা অবমাননাকর।’







