বিনোদন

এবার লোক হাসাবেন নওয়াজ!

এবার লোক হাসাবেন নওয়াজ!

ভারতে চলমান লকডাউনে ঘরবন্দি সবাই। অধিকাংশেরই সময় কাটছে ঘরে বসে ওয়েব সিরিজ দেখে কিংবা অনলাইন প্লাটফর্মে সিনেমা দেখে। এবার দর্শকদের বিনোদিত করতে জি-৫ এ আসছে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং অনুরাগ কাশ্যপ অভিনীত ছবি ‘ঘুমকেতু’।

শুক্রবার ছবিটির টিজার মুক্তি পাওয়ার সাথে সাথেই রীতিমত হইচই। প্রকাশিত টিজারে দেখা গিয়েছে, উঠতি লেখক ঘুমকেতু থুড়ি নওয়াজউদ্দিন সিদ্দিকি, যিনি বড় স্বপ্ন নিয়ে মুম্বাই শহরে আসেন। সেই শহরের একজন পুলিশকর্মী অনুরাগ কাশ্যপ। যার ওপর নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে। যদিও শেষমেশ জানা যায়, সেই নিখোঁজ ব্যক্তি আর কেউ নয়, ঘুমকেতু নিজেই।

তবে টিজারের একদম শেষে দেখা গেছে, হারানো চিত্রনাট্যের জিডি করতে পুলিশ থানায় গেলে ঘুমকেতুর সঙ্গে দেখা হয় অনুরাগ কাশ্যপের। যাকে তিনি এতদিন খুঁজছিলেন, তাকে চোখের সামনে পেয়ে যথেষ্ট বিস্ময় প্রকাশ করেন কাশ্যপ। বাকি কাহিনী পুরো সিনেমা দেখলেই বোঝা সম্ভব হবে বলে মনে করেন নির্মাতা।

ছবিটির টিজার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নওয়াজউদ্দিন সিদ্দিকী লিখেছেন, ‘বলিউডের ইতিহাসে এমন লেখক আর এমন গল্প না কোনদিন হয়েছে আর না সামনে হবে।’

নওয়াজউদ্দিন ও অনুরাগ কাশ্যপ ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন চিত্রঙ্গদা সিং, রঘুবীর যাদব সহ আরো অনেকেই।

পুষ্পেন্দ্র নাথ মিশ্র পরিচালিত ‘ঘুমকেতু’ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফ্যান্টম ফিল্মস এবং সনি পিকচার্স। আগামী ২২ মে ছবিটি মুক্তি পাবে।

বিষয়:নওয়াজউদ্দিন সিদ্দিকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…