এবারের প্রযুক্তি মেলার প্রধান আকর্ষণ

বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রযুক্তি মেলা সিইএস এ বছর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। শুরু হওয়ার আগেই মেলাটি নিয়ে ক্রেতা-বিক্রেতা ও দর্শণার্থীদের আগ্রহ দেখার মতো। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতা টানতে আগেভাগেই প্রেস বিজ্ঞপ্তি ও আকর্ষণীয় ভিডিও প্রকাশ করে জানিয়ে দিচ্ছে তাদের নতুন পণ্য বা সেবা সম্পর্কে।
সেসব প্রেস রিলিজ এবং ভিডিওতে পাওয়া তথ্য থেকে চলুন সিইএস ২০১৬’র প্রধান কয়েকটি আকর্ষণ সম্পর্কে ধারণা নেয়া যাক।
‘গানেওয়ালা’ ট্রেডমিল
ফিটনেস সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনোজিম এবারের সিইএস-এ আনছে নতুন ধরণের একটি ট্রেডমিল, যা ব্যবহারকারীর ঠিক করে দেয়া সঙ্গীত বাজাবে ব্যবহারের সময়। শুধু তাই নয়, ব্যবহারকারীর দৌড়ানোর গতির সঙ্গে মিলিয়ে ছন্দের গতি ঠিক করবে যন্ত্রটি।
টেকনোজিম বলছে, ট্রেডমিলটিতে জগিং করার সময় প্রতি মিনিটে কয় কদম ফেলা হচ্ছে তার ওপর ভিত্তি করে সঙ্গীতের ছন্দ নিজ থেকে ঠিক করবে এই আধুনিক যন্ত্র। এ ধরণের সুবিধার ট্রেডমিল বাজারে এই প্রথম।
অন্যদিকে আরেক প্রতিষ্ঠান আইফিট এনেছে এমন এক ট্রেডমিল, যার সাথে যুক্ত রয়েছে ৬০ ইঞ্চির কার্ভড ওএলইডি স্ক্রিন। জগিংয়ে আনন্দ দিতে গুগল ম্যাপ থেকে তথ্য নিয়ে এই টিভি স্ক্রিন পৃথিবীর সুন্দর সব এলাকার দৃশ্য ব্যবহারকারীর সামনে দেখাতে থাকবে।
ফ্রিজে টাচস্ক্রিন
মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, পিসি মনিটর, স্মার্টওয়াচ – টাচস্ক্রিন আজকাল যুক্ত হচ্ছে নানা ধরণের প্রযুক্তি পণ্যে। এই তালিকায় নতুন সংযোজন টাচস্ক্রিনযুক্ত ফ্রিজ।
স্যামসাংয়ের তৈরি নতুন মডেলের এই ফ্রিজে রয়েছে সাড়ে ২১ ইঞ্চির হাই ডেফিনিশন টাচস্ক্রিন, যার সাহায্যে ফ্রিজের তাপমাত্রা, আর্দ্রতা, অপারেশন মোড দেখা ও পরিবর্তনের পাশাপাশি ফ্রিজের ভেতরে কী কী আছে তাও দেখা যাবে। ফ্রিজটির ভেতরের অংশে সংযুক্ত ক্যামেরা থেকে আসা ছবি দেখা যাবে এই স্ক্রিনে।
এলজি’র নতুন ফোন
সাউথ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ঘোষণা দিয়েছে নতুন সিরিজের স্মার্টফোন বাজারে আনার। সিইএস-এ প্রথম উন্মোচন হবে ‘কে সিরিজ’ নামের নতুন মডেলের স্মার্টফোনগুলো। এলজি বলেছে, ফোনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেনো সেগুলো আসল দামের চেয়েও বেশি দামি এবং অন্যান্য হ্যান্ডসেট থেকে দেখতে আলাদা হয়।
বৈদ্যুতিক স্কেটবোর্ড
গতবছরের সবচেয়ে আলোচিত পণ্য ‘রকেটস্কেটস’র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাকশন সিইএস-এ আনছে তাদের নতুন পণ্য: ইলেকট্রনিক স্কেটবোর্ড। ‘দ্য ব্লিংক’ নামের এই স্কেটবোর্ডটি ছোট একটি ডিভাইস বা বিশেষ স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। সর্বোচ্চ ১৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে দ্য ব্লিংক।
স্মার্টকার
বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এবং ফোর্ড মিলে সিইএস-এ আনছে স্মার্ট ডিভাইস লিংক (এসডিএল) প্রযুক্তির গাড়ি। এই প্রযুক্তির মাধ্যমে গাড়ি নির্মাতারা গুগল বা অ্যাপলের সফটওয়্যারের বদলে নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে গাড়ির ড্যাশবোর্ডের সঙ্গে স্মার্টফোনের সংযোগের ব্যবস্থা করতে পারবে।
পিউগট, হোন্ডা, সুবারু এবং মাজদার মতো প্রতিষ্ঠানগুলোও এসডিএল ব্যবহারের পরিকল্পনা করছে।
ভারোত্তোলন-রিস্টব্যান্ড আপগ্রেড
ফিটনেস পণ্য প্রতিষ্ঠান জিমওয়াচ ঘোষণা করেছে, এর ভারোত্তোলন ট্র্যাককারী রিস্টব্যান্ড এখন অ্যাপল ওয়াচের সঙ্গেও যুক্ত হতে পারবে। সিইএস-এ পাওয়া যাবে নতুন মডেলের রিস্টব্যান্ডটি।
সবচেয়ে ছোট স্মার্টগ্লাস ডিসপ্লে
ম্যাসাচুসেটস-ভিত্তিক প্রতিষ্ঠান কোপিন নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট ডিসপ্লেযুক্ত স্মার্টগ্লাস। তবে এতো ছোট ডিসপ্লে দেখার জন্যও মনে হয় আলাদা আরেক জোড়া চশমা লাগবে!
জুতাও এখন ‘স্মার্ট’
আজকাল সবকিছুতেই যুক্ত হচ্ছে ‘স্মার্টনেস’। তারই ধারাবাহিকতায় এবার এলো ‘স্মার্টশু’। নির্মাতা প্রতিষ্ঠান ডিজিটসোল এতে রেখেছে পায়ের আঙ্গুল গরম রাখার ব্যবস্থা। ব্লুটুথ নিয়ন্ত্রিত জুতাটি আপনার পদক্ষেপ গুনতে পারে। এমনকি এতে রয়েছে বিল্ট ইন টর্চ লাইট! ৪৫০ মার্কিন ডলার মূল্যের এই স্মার্টশু মোবাইল ফোনের মতোই চার্জ দিতে হবে।
পোষা প্রাণীর জন্য ‘স্মার্ট’ বাটি
পেটনেট সিইএস উপলক্ষে আনছে ভিন্নরকম এক উদ্ভাবন। পোষা প্রাণীর জন্য খাবার প্রয়োজনের তুলনায় বেশি দেয়া হয়েছে না কম তা মাপবে স্মার্টবোউল। আপনার পোষা কুকুর বা বিড়ালটির ওজন, বয়স এবং সক্রিয়তার মাত্রা এতে লিখে সেভ করুন। স্মার্টবোউল নিজেই ঠিক করে দেবে কুকুর বা বিড়ালটির ওই বেলায় ঠিক কতটুকু খাবার দরকার। ততটুকু খাবারই ঢালবেন ওই ‘স্মার্ট’ বাটিতে!
নতুন মডেলের ড্রোন
চীনা ড্রোন নির্মাতা ডিজেআই সিইএস-এ আনছে নতুন মডেলের ড্রোন। ‘ইন্সপায়ার ১ প্রো’ নামের এই ড্রোনটি সাদা ও কালো – এই দুই রঙে পাওয়া যাবে। এতে রয়েছে ৪কে রেজ্যুলেশনের ক্যামেরা। সর্বোচ্চ ১.২ কিলোমিটার দূর থেকে ওড়ানো যাবে ড্রোনটি।
চার দিনব্যাপী সিইএস ২০১৬ মেলাটি ৬ জানুয়ারি বুধবার শুরু হয়ে চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।




