ইন্ডাস্ট্রি হিসেবে ছোট হলেও বলিউডকে টেক্কা দিচ্ছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। তামিল, মালয়ালম, তেলেগু, কন্নড় ছবিগুলো গড়ছে একের পর এক রেকর্ড। বলিউডে এখন তাই পড়ে গেছে দক্ষিণী ছবি রিমেকের হিড়িক। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন অক্ষয় কুমার।
ইন্ডিয়া টুডে-তে দেয়া এক সাক্ষাতকারে অক্ষয় বলেছেন, ‘একজন আমাকে জিজ্ঞেস করেছেন, আমরা কেন রিমেক করছি? আমি তাকে বলেছি, কেন নয়! সমস্যা কী? রিমেক করলে কোনো সমস্যা আছে? আমার ছবি তেলেগুতে রিমেক হয়েছে, সুপারহিটও হয়েছে। তাদের রাওডি রাথোর আমরা রিমেক করেছি, সেটিও সফল। তাহলে কারো কী সমস্যা থাকতে পারে? কেন এটা হবে না? মানুষ রিমিক্স গান নিয়েও প্রশ্ন তোলে। রিমিক্সই বা হবে না কে? আসল গানটিও থাকবে, রিমিক্সও হবে। এটি নিয়ে মানুষের আপত্তি থাকবে কেন? দক্ষিণে যদি ভালো কোনো ছবি তৈরি হয়, সেটির সত্ত্ব কিনে নিয়ে আমরা রিমেক করি, এতে সমস্যা কোথায়?’
অভিনেতা আরও বলেন, ‘মানুষ আমাদের মেধা নিয়ে প্রশ্ন তোলে। এটি মেধার বিষয় নয়, সেটি আমাদের সবারই আছে। এটি হলো দর্শকের সঙ্গে সংযোগ তৈরির গল্প। বর্তমানে টুইটারে সবাই সমালোচক হয়ে উঠেছে। কেন? আমরা সবাই তো কাজ করার চেষ্টাই করছি।’
দক্ষিণী ছবির সঙ্গে বলিউডের প্রতিযোগিতা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি ভেদাভেদে বিশ্বাসী নই। কেউ যখন বলে, দক্ষিণী ইন্ডাস্ট্রি কিংবা উত্তরের ইন্ডাস্ট্রি, আমার বিরক্ত লাগে। আমরা সবাই মিলে একটি ইন্ডাস্ট্রি, এটিই বিশ্বাস করি। এসব বন্ধ হওয়া উচিত। এভাবেই ব্রিটিশরা আমাদের ভাগ করে দিয়েছিল।’
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ার কারণে যেতে ৫৪ বছর বয়সি এ অভিনেতা।








