খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৪০টি কেন্দ্র থেকে পুলিশের সহযোগিতায় বিএনপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতা বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা। এসব কেন্দ্রে ভোটারদের ভোটও দিতে দেওয়া হচ্ছে না।
বিভিন্ন কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে এসব কেন্দ্রে সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা জাল ভোট দিচ্ছে, যোগ করেন রিজভী।
মঙ্গলবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী আরো বলেন, ‘ক্ষমতাসীনদের কল্যাণে খুলনা সিটি নির্বাচনে চিরাচরিত উৎসবের আমেজ নেই। শুধু ভোটারদের মনে শূন্যের হাহাকার।’
বিএনপির এই নেতা বলেন, ধানের শীষের নারী এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যেন ভোটকেন্দ্রে না যায়। গেলে হেনস্তা করা হবে। পুরুষ এজেন্টদের ওপর হামলা করে আহত করা হয়েছে।’
সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল পৌনে ৯টার দিকে খুলনা নগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
তিনি অভিযোগ করেন, ভোট শুরুর আগে অনেক কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া ভোট শুরুর পর ২৫-৩০টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।







