তিন ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই হেরে গেছে পাকিস্তান। রোববার নিউল্যান্ডসের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। ২-০তে পিছিয়ে থেকে হোয়াইটওয়াশের শঙ্কায় সরফরাজ আহমেদের দল।
পাকিস্তানের দেয়া ৪১ রানের লক্ষ্য একঘণ্টারও কম সময়ে তুলে নেয় সাউথ আফ্রিকা। এক উইকেট হারিয়ে ৯.৫ ওভারেই ম্যাচ জেতে প্রোটিয়ারা। সেঞ্চুরিয়নের প্রথম টেস্ট ৬ উইকেটে জিতেছিল তারা। ঘরের মাঠে টানা সাতটি টেস্ট সিরিজ জিতল স্বাগতিকরা।
পাকিস্তানের প্রথম ইনিংসে করা ১৭৭ রানের জবাবে ৪৩১ রান করে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ২৯৪ রান করে পাকিস্তান। স্বাগতিকদের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৪১ রানের। থুনিস ডি ব্রুইনের উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় প্রোটিয়ারা। ডিন এলগার ২৪ ও ডু প্লেসিস ৩ রানে অপরাজিত থাকেন।
ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ও অধিনায়ক ডু প্লেসিস। দুদলের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হবে আগামী শুক্রবার, জোহানেসবার্গে।









