টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে অস্ত্র মামলার দু’টি ধরায় ৭ ও ১০ বছর করে মোট ১৭ বছরের কারদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকেলে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন।
গত বছরের ৮ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দনপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে আটক করে। পরেরদিন জেলা গোয়েন্দা পুলিশের এসআই টিটু বাদী হয়ে অস্ত্র মামলায় গোপালপুর থানায় মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমানকে। তদন্ত শেষে অস্ত্র আইনের ১৯ এর এ ও এফ ধারায় আদালতের কাছে চার্জসীট দাখিল করেন তিনি।
গত বছরের অক্টোবর মাসের ছয় তারিখ আদালত থেকে জামিনে বের হয়ে পলাতক আছেন আওয়ামী লীগের এই নেতা।







