‘এক্সপোজারের প্রজ্ঞাপন স্থগিত করলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে’

পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সমন্বয়ের (ব্যাংক এক্সপোজার লিমিট) সময়সীমা নিয়ে বাংলাদেশ ব্যাংক ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা স্থগিত করলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক।
বৃহস্পতিবার ডিএসই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।
মোস্তাক আহমেদ সাদেক বলেন, পুঁজিবাজারে চলমান সংকট উত্তরণে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই কয়েকটি দাবি জানানো হচ্ছে। ব্যাংকের এক্সপোজার এবং আইসিবির এক্সপোজার গণনা নিয়ে একটা সমস্যা ছিল। এ সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনেরও (বিএসইসি) দাবি ছিল। গতকাল অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠকে আমাদের ওই প্রস্তাবগুলো বিশেষ বিবেচনায় মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এখন বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন স্থগিত করলেই বাজার ঘুরে দাঁড়াবে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ সীমা হিসাবায়নের ক্ষেত্রে সমন্বিত ভিত্তিতে গণনা করার নিয়ম বেধে দেয়। যার কারণে পুঁজিবাজারে তারল্য প্রবাহের ক্ষেত্রে অধিকতর সংকোচনমূলক হয়েছে। তাই কোম্পানি আইনের ২৬ ক ধারা অনুসারে একক ভিত্তিতে এক্সপোজার গণনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
ডিবিএ ও বিএমবিএ’র দেওয়া প্রস্তাবগুলো হলো:
- শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন বন্ড ডিবেঞ্চার প্রেফারেন্সিয়াল শেয়ার ও অতালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডকে ব্যাংকের এক্সপোজার হিসাবের বাইরে রাখা।
- কৌশলগত বিনিয়োগ যা পুরো মেয়াদকাল পর্যন্ত ধরে রাখতে হবে এবং যেসব সিকিউরিটিজের লেনদেন হয় না, সেই সব সিকিউরিটিজকে এক্সপোজার গণনা থেকে বাদ দেয়া।
- ব্যাংকের শেয়ারবাজার এক্সপোজার লিমিট গণনা করার ক্ষেত্রে শেয়ারেরবাজার মূল্য অনুযায়ী গণনা না করে ক্রয় মূল্যের ভিত্তিতে গণনা করা।
- ব্যাংক তার শেয়ারবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারিকে প্রদত্ত ঋণের যে অংশ ব্যাংকিং খাতে বিনিয়োগ করে তা শেয়ারবাজারে এক্সপোজার হিসেবে না করে শুধু মাত্র উক্ত ঋণের যে অংশ শেয়ারবাজারে বিভিন্ন সিকিউরিটেজে বিনিয়োগ করা হয়- সেটাকে উক্ত ব্যাংকে প্রকৃত শেয়ারবাজার এক্সপোজার হিসেবে গণনা করা।
বিএমবিএ’র সভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, ব্যাংকের ঋণ আমানত অনুপাত (এডিআর) নিয়ে বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছে তাতে ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা কমে গেছে। আমানতের সুদ হার বেড়ে ১২ শতাংশ হয়ে গেছে। এডিআর নতুন করে নির্ধারণ করার কারণে পুঁজিবাজারে দেড়শ’ কোটি টাকা আসছে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিবিএ’র সিনিয়র সহ-সভাপতি শরিফ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ড. জহির এবং বিএমবিএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ প্রমুখ।




