সিলেটে সিএনজি অটোরিক্সা-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে বাবা-মাকে হারালো মেয়ে। নিহতরা হলেন স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা অরজিত রায় এবং তার স্ত্রী দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দাস।
তাদের একমাত্র মেয়ে স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। মেয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিটিজিনিউজ.কম জানায়, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তারা তিনজন বাসা থেকে বের হন। টিলাগড়ের এমসি কলেজ খেলার মাঠ ও শাহ মদনী ঈদগাহের সামনে পৌঁছালে টিলাগড়গামী প্রাইভেট কার (সিলেট গ-১১-১১৪৭) ও আম্বরখানাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন অরজিত রায়। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর স্ত্রী সুমিতা দাসও মারা যান।
তাদের মেয়ে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের বাসা খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান নিপবন আবাসিক এলাকায় বলে জানা গেছে।








