একতার উপর কেন ক্ষেপেছেন সালমান খান?

চ্যানেল আই অনলাইন- সালমান খান ও একতা কাপুর
নানা কারণে বহুবার ঝামেলায় জড়িয়ে আলোচনার শীর্ষে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। কখন কার উপর রেগে যান সেটা নিয়ে যেন চিন্তিত থাকে সবাই।
এবার শুরু হয়েছে নতুন গুঞ্জন। সালমানসহ ভাই সোহেল খানের রাগ গিয়ে পড়েছে আরেক পরিচালক, জিতেন্দ্র কন্যা একতা কাপুরের উপর।
অনেকেই হয়ত জানেন না, সালমানের ‘জ্যায় হো’ চলচ্চিত্রের নামকরণ প্রথমে হয়েছিল ‘মেন্টাল’। কিন্তু শেষ পর্যন্ত সেই নাম টিকেনি। তবে, তারপর থেকে সালমানের বেশ কয়েকটি চলচ্চিত্রের নাম ‘মেন্টাল’ রাখার পরিকল্পনা করা হয়।
কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ এর নামও প্রথমে ‘মেন্টাল’ প্রস্তাব করা হয়।
এদিকে, কঙ্গনা রনৌত ও রাজকুমার রাওকে নিয়ে একতা কাপুরের পরবর্তী চলচ্চিত্রের নাম একতা ঠিক করেছেন ‘মেন্টাল হ্যায় কেয়া?’, আর তাতেই চটেছেন খান ভাইয়েরা।
ব্যাপারটাকে একেবারেই ভালোভাবে দেখছেন না সালমান খান ও সোহেল খান। কারণ একতা এই নাম ঠিক করার আগে একবারও সালমান বা সোহেলকে জানাননি। অথচ, একতা জানতেন, সামনের যে কোন চলচ্চিত্রের নাম ‘মেন্টাল’ রাখতে আগ্রহী ছিলেন সালমানরা।






