চা বিরতির আগেই ৬২০! বাংলাদেশি বোলারদের দিশেহারা বানিয়ে ছাড়ছে বিরাট কোহলির দল। অধিনায়ক নিজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। আগেরদিন বিজয় করেছিলেন শতক। আজ রাহানে ৮২ করে মাঠ ছেড়েছেন। ঋদ্ধিমানও ৮৩ করে শতকের পথে। স্বাগতিকদের দলীয় সংগ্রহ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়।
এই নিয়ে ভারত টানা তিন ইনিংসে ৬০০’র বেশি রান তুললো। টেস্ট ইতিহাসে এই কীর্তি অন্য কোনো দলের নেই।
কোহলি ১১১ রানে অপরাজিত থেকে শুক্রবার মাঠে নেমেছিলেন। থেমেছেন ২০৪ রানে। রাহানের সঙ্গে ২২২ রানের জুটি গড়েছেন। এই নিয়ে টানা চার সিরিজে দ্বিশতকের রেকর্ড গড়লেন কোহলি। এর আগে টানা তিন সিরিজে এই কীর্তি গড়েছিলেন স্যার ডন ব্রাডম্যান এবং রাহুল দ্রাবিড়।
সকালে তাসকিনের ওভারের পর সাকিবকে ডাকেন মুশফিক। এই দুই ওভারে আটটি বল খেলেন বিরাট কোহলি। তখন শর্ট লেগে মুমিনুলকে রাখা হয়। মিডঅনে রিয়াদ। কোহলি একবার ব্যাকফুটে লাফিয়ে ওঠা বলে ডিফেন্স করতে যেয়ে এদিক-ওদিক করে ফেললেন। ওই ‘ভুল’টা ছাড়া আর কোনো সুযোগ দেননি ভারত অধিনায়ক। ২৩৯ বলে ২৪টি চারের সাহায্যে ইনিংস সাজিয়ে থেকেছেন। এদিন লাঞ্চে যাওয়ার সময় ১৯১ রানে ছিলেন তিনি।
এর আগে রাহানেকে শর্টকাভারে দেখার মতো এক ক্যাচে সাজঘরে পাঠান মিরাজ।
বৃহস্পতিবার ৩৫৬ রানে দিন শেষে করেছিল ভারত। প্রথম দিনে বাংলাদেশের বোলাররা প্রথম ১৫ ওভার পর্যন্ত ছন্দেই ছিলেন। ওই সময় পর্যন্ত ঠিক জায়গায় বল পড়ছিল। বেশ কয়েকটি ডেলিভারি পূজারা-বিজয়ের ব্যাটের কানা ছুঁয়ে যায়। একটি রান-আউটের সুযোগও হাতছাড়া হয়। দুটি ক্যাচের সম্ভাবনা জাগে। বড় ম্যাচে এই সব সুযোগ কাজে লাগাতে না পারলে ফলাফল ভয়ঙ্কর হয়। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল ঠিক সেটাই হয়। সেটার খেসারত দিতে হচ্ছে দ্বিতীয় দিনেও।









