সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণীতে উপস্থাপকের ‘পীড়াপীড়িতে’ ঈদের ছুটি একদিন বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি।
ম্যাচ শেষে টাইগারদের স্মরণীয় সাফল্যে উপস্থাপক শামীম আশরাফ চৌধুরী মাশরাফিকে প্রধানমন্ত্রীর কাছে ঈদের ছুটি বাড়ানোর অনুরোধ জানাতে বলেন। মাশরাফি প্রথমে ইংরেজিতে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও পরে শামীম আশরাফের কথায় বাংলায় ছুটি জানানোর অনুরোধ জানান।
অন্য দেশের ক্ষেত্রে সাধারণত: বিশ্বকাপ জয়ের পর এরকম বিশেষ ছুটি ঘোষণার নজির থাকলেও কোনো ক্রিকেট সিরিজ জয়ে এমন উদাহরণ নেই।
তৃতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের স্মরণীয় জয়ের পাশাপাশি প্রথম বারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব ও মাশরাফি ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
প্রথম ম্যাচে হতাশার পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ফেরা অনেক কঠিন ছিলো মন্তব্য করে মাশরাফি বলেন, ছেলেরা অনেক ভালো করে খেলায় ফিরে এসেছে।
সৌম্য ও মুস্তাফিজের প্রশংসা করে তিনি বলেন, সৌম্য তার শক্তির জায়গা দেখিয়েছে। দিন দিন সে আরও পরিণত হচ্ছে। আর তামিম তো নিজের খেলাটা দেখিয়ে দিয়েছে।






