উদ্বোধনীতে ৩২০!

উদ্বোধনী জুটিতে ৩২০ রান করে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের দীপ্তি শর্মা এবং পুনম রাউত। সাউথ আফ্রিকায় চার দেশিয় সিরিজে এই রেকর্ড গড়েন দুই ওপেনার।
ক্রিকেট ইতিহাসে উদ্বোধনীতে আগে কখনো এত রান ওঠেনি। পুরুষদের ক্রিকেটে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড ২৮৬ রানের। উপুল থারাঙ্গা এবং জয়সুরিয়া ২০০৬ সালে এই রান করেছিলেন। মেয়েদের ক্রিকেটে প্রথম উইকেটে সর্বোচ্চ রান ২৬৮, ইংল্যান্ডের।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত এদিন টস জিতে আগে ব্যাট করে ৩৫৮ রান সংগ্রহ করে। পুনম শেষ পর্যন্ত অসুস্থ হয়ে সাজঘরে ফেরেন। ১১৬ বলে ১০৯ রান করেন তিনি। দীপ্তি ১৬০ বলে ১৮৮ করে বোল্ড হন।
১৯৯৭ সালে মেয়েদের বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে মুম্বাইয়ে ২২৯ করেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। সেটির পর দীপ্তির ১৮৮ রানের ইনিংসটিই মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ। ১৯ বছর বয়সী অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন ১৯৯৭ সালে করা ইংল্যান্ডের শার্লটের ১৭৩ রানের ইনিংসকে।



