এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বড় অবদান ছিলো বিরাট কোহলির। ব্যাট হাতে করেছিলেন ৪৯ রান। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেতে হলো তাকে।
ভারতের সহঅধিনায়ককে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই শাস্তির কথা জানায়।
শনিবার মিরপুর শেরে ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ভারতের ইনিংসের ১৫তম ওভারে ৪৯ রান করে আউট হন কোহলি।
আম্পায়ার তাকে আউট ঘোষণার পর নিজের ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারকা এই ব্যাটসম্যান। পরে ক্রিজ ছাড়ার সময় পেছনে আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলেন। যা ক্রিকেটের চেতনার বিপরীত বলে জানায় আইসিসি।
অবশ্য নিজের দোষ স্বীকারও করেছেন কোহলি। এ কারণে ম্যাচ রেফারি জেফ ক্রোয়ের দেওয়া শাস্তি মেনে নেন। তাই কোনও আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
কোহলির বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার রুচিরা পলিয়াগুরুগে ও শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার এনামুল হক এবং চতুর্থ আম্পায়ার আনিসুর রহমান।






