মাঘের প্রথম দিনেই শীতে কাঁপছে দেশ। উত্তরাঞ্চলে শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ। দেশব্যাপী এ শৈত্যপ্রবাহের কারণে রাজধানীতে শুরু হয়েছে শীতল বাতাস।
শনিবার সারাদেশে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রাও কমেছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে। এ দুটি স্থানে তাপমাত্রা ছিলো ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, তেতুলিয়া ও রাজারহাট ছাড়াও টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
রাজধানীতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এখানে শীতল বাতাস বইছে।
সোম-মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে শীতের তীব্রতা থাকবে। আর জানুয়ারির শেষে আবার শৈত্যপ্রবাহ আসতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশাও অব্যাহত থাকতে পারে।







