কোপা আমেরিকার ফাইনালে তর্কে জড়িয়েছিলেন রেফারির সঙ্গে। দেখেছিলেন লাল কার্ডও। সেটারই আরও জরিমানা গুণতে হচ্ছে গ্যাব্রিয়েল জেসাসকে। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুই মাসের জন্য নিষিদ্ধ করেছে সাউথ আমেরিকান ফুটবলের গভর্নিং বডি।
ফাইনালে পেরুর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর চিলিয়ান রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জেসাস। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ধাক্কা মারেন ভিএআর মনিটরে। এসময় টানেলে তাকে কাঁদতেও দেখা যায়।
তার জেরে দুই মাস প্রীতি-প্রতিযোগিতামূলক সবরকম আন্তর্জাতিক ফুটবল থেকে জেসাসকে নিষিদ্ধ করেছে কনমেবল। জরিমানা করা হয়েছে ৩০ হাজার ডলার। ফলে আগামী সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে খেলতে পারবেন না ম্যানসিটি ফরোয়ার্ড।
চাইলে অবশ্য শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন জেসাস। সেক্ষেত্রে তার হাতে সময় আছে ৭দিন।








