সাউথ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী ও নেলসন মেন্ডলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা (৮১) মারা গেছেন।
উইনি ম্যান্ডেলার ব্যক্তিগত সহকারী তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উইনি ম্যান্ডেলার পুরো নাম উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা। সমাজকল্যাণ ও রাজনীতিতে উইনি ম্যান্ডেলা বিতর্কিত হয়ে আছেন। তারপরও তিনি তার সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব।
পরিবারের মুখপাত্র ভিক্টোর দ্লামিনি এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাই বছরের শুরু থেকে তাকে হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই থাকতে হয়েছে।

“সোমবার দুপুরে পরিবার ও প্রিয়দের উপস্থিতির মাঝেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
১৯৩৬ সালের ২৬ সেপ্টেম্বর উইনি ম্যান্ডেলা ট্রান্সকেই নামে পরিচিত ইর্স্টান ক্যাপে জন্মগ্রহণ করেন।
১৯৫০ এর দশকে নেলসন ম্যান্ডেলার সাথে দেখা হয় উইনির। সেসময় উইনি একজন প্রশিক্ষিত সমাজকর্মী ছিলেন। ৩৮ বছর বিবাহিত জীবন কাটান এই দম্পতি। যদিও এই বিবাহিত জীবনের প্রায় ৩ দশক সময়েই তাদের আলাদা থাকতে হয়েছে, নেলসন ম্যান্ডেলার কারাবাসের কারণে।
বর্ণবাদ বিরোধী আন্দোলনে ২৭ বছর জেল খাটতে হয়েছিলো সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন মেন্ডলাকে। কারামুক্তির পর স্ত্রী উইনির হাত ধরে তার হেঁটে আসার একটি ছবি বেশ সাড়া ফেলেছিল। ছবিটি প্রায় তিন দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠে।
নেলসন ম্যান্ডেলার মুক্তির দুই বছর পর তারা আলাদা হয়ে যান। ১৯৯৬ সালে তাদের ডিভোর্স হয়। এরপরও উইনি তার পদবী ত্যাগ করেননি। নেলসনের সাথেও সম্পর্ক অক্ষুণ্ন রাখেন।







