বাংলাদেশ

ঈদযাত্রা: গুলিস্তান-মাওয়া রুটে বিআরটিসির বাড়তি ভাড়া আদায়

বিআরটিসি

ঈদ উপলক্ষে রাজধানীর গুলিস্তান বাস কাউন্টার থেকে মাওয়া (শিমুলিয়া) ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া বিআরটিসি বাসগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এমনকি যাত্রীরা আপত্তি করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বাসের স্টাফরা।

জানা গেছে, এই রুটে প্রতিটি টিকেটের নির্ধারিত মূল্য ৭০ টাকা থাকলেও এ বাসে শনিবার যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। বাড়তি ভাড়া দেয়ার ক্ষেত্রে যাত্রীদের আপত্তি করলেও তা আমলে না নিয়ে বিভিন্ন অজুহাত দিচ্ছে বাসের কন্ডাক্টররা।

এসময় বাসে অনেক যাত্রীর সঙ্গে ৩০ টাকা বেশি ভাড়া নিয়ে কন্ডাক্টরের কথা কাটাকাটি করতে দেখা গেছে। এই পরিপ্রেক্ষিতে অনেক যাত্রীকে কন্ডাক্টর বলছেন, ‘ভাল না লাগলে অন্য গাড়িতে যান!’

তবে গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশে উঠা বিআরটিসি বাসের যাত্রী এস এম হাফিজুর রহমান বলেন, ঈদের এই সময় ৩০ টাকা বেশি তেমন কিছু নয়। এছাড়া অন্য কোম্পানির গাড়ি মাওয়া পর্যন্ত আজ দেড় শ’ থেকে দুই শ’ টাকা ভাড়া নিচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিআরটিসি’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ১ টাকা আদায়ের বিষয়ে আমাদের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া বাড়তি ভাড়া আদায় রোধে আমাদের কর্মীরা সেখানে তৎপর রয়েছে। তারপরেও কেউ যদি এমনটা করে থাকে এবং আমাদের কাছে এ বিষয়ে নির্ধারিত অভিযোগ আসে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বিষয়:ঈদযাত্রা বিআরটিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…