জিনেদিন জিদান চলে গেলেন, আর যেন সঙ্গে করে নিয়ে গেলেন ইস্কোর ভাগ্যটাও। হুলেন লোপেতেগি হয়ে সান্তিয়াগো সোলারির হাতে এখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব। কিন্তু এ দুই কোচ বেশিরভাগ সময়ই ডাগআউটে বসিয়ে রেখেছেন ইস্কোকে।
কোচের সঙ্গে স্প্যানিশ এ মিডফিল্ডারের কিছু একটা সমস্যা আছে আন্দাজ করে সেদিকে গভীর নজর রাখছে জুভেন্টাস-ম্যানচেস্টার সিটির মতো বড় দলগুলো।
লোপেতেগির হাত থেকে দায়িত্ব বদল হওয়ার পর সোলারির অধীনে ছয় ম্যাচ খেলেছে রিয়াল। সব ম্যাচেই শুরুতে ডাগআউটে জায়গা হয়েছে ইস্কোর। এমন নয় যে ফর্ম হারিয়ে বসেছেন মালাগার সাবেক তারকা মিডফিল্ডার। স্পেন জাতীয় দলের হয়ে বেশ ভালো পারফরম্যান্স তার। কিন্তু সোলারির সঙ্গে কিছুতেই বনিবনা হচ্ছে না তার।
ব্যাপারটা জানেন রিয়ালের কর্মকর্তারাও। তাদের পক্ষ থেকেও অনুরোধ এসেছে ইস্কোকে দলে রাখার। কিন্তু কোনো অনুরোধই আমলে নিচ্ছেন না সোলারি। তার অধীনে আদৌ দলে জায়গা হবে কিনা এ নিয়ে সংশয়ে ইস্কোও।
একজন ফর্মে থাকা খেলোয়াড়কে বসিয়ে রাখার ফায়দাটা ভালোভাবেই নিতে চায় ম্যানসিটি-জুভেন্টাস। দুই দলই গভীরভাবে নজর রাখছে ইস্কো-সোলারির সম্পর্কের দিকে। দুদলের সঙ্গে লাইনে আছে নাপোলিও। ইতালিয়ান পত্রিকা ইল মাত্তিনো অবশ্য জানাচ্ছে, ‘নাপোলি কেবলই নজর রাখছে’!
নাপোলি চাইলে ডাকটা এড়ানো কঠিন হবে ইস্কোর জন্য। দলটির বর্তমান কোচ এখন রিয়ালের সাবেক গুরু কার্লো আনচেলত্তি। তার অধীনেই লস ব্লাঙ্কোসদের হয়ে নিজেকে চিনিয়েছিলেন ইস্কো। ৫৩ ম্যাচে ১১ গোলের পাশাপাশি করিয়েছিলেন ৯ গোল।







