প্রচলিত ইসলামকে শেষ করে দেয়ার আহ্বান জানানো ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য অনন্তকুমার হেগড়ে বলেছেন, নিজের ওই বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত নন, বরং গর্বিত।
এই অনন্তকুমারই ভারতের মন্ত্রিসভায় রোববারের বিরাট রদবদলের পর নবনিযুক্ত নয় মন্ত্রীর একজন হিসেবে শপথ নিয়েছেন। গত বছরের ৩ এপ্রিল এ বক্তব্য দেন তিনি।
এরপর ওই বছরের ৭ এপ্রিল ব্রিটিশ গণমাধ্যম হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে ‘ইসলামকে শেষ করে দেয়া বলতে কী বোঝাতে চাইছেন’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কারপন্থী উদারমনা মুসলিমদের উচিত বর্তমানে ইসলাম যেভাবে আছে তাকে নিশ্চিহ্ন করে দেয়া। এবং এর ‘মতাদর্শে’ সংস্কার এনে ধর্মটিকে আরও আধুনিক, উদার ও অন্য ধর্মের প্রতি আরও বেশি সহনশীল হিসেবে প্রতিষ্ঠা করা।’
৪৭ বছর বয়সী এই মন্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, ‘যেখানে ইসলাম আছে সেখানে শান্তি নেই, যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নেই। ইসলাম ও শান্তি দু’টো বিপরীত শব্দ।’ ভারত ও হিন্দু, সমর্থক শব্দ বলে তিনি মনে করেন।
‘যতদিন বিশ্বে ইসলাম আছে ততদিন সন্ত্রাসবাদের শেষ হবে না। আমরা যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে না পারি আমরা সন্ত্রাসবাদকে শেষ করতে পারবো না’, এমন মন্তব্য করে উদারপন্থী মুসলিমদের প্রচলিত ইসলাম ধর্মকে শেষ করে দেয়ার আহ্বান জানান অনন্তকুমার।
তিনি বলেন, ভারতে যারা বসবাস করছেন তাদের অবশ্যই ভারতকে মান্য করতে হবে। আর ভারত মানেই হলো হিন্দু। দীর্ঘদিন ভারতের সংস্কৃতি আর হিন্দু সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলে মনে করেন অনন্তকুমার।
মুসলিমদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনি চাইলেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা শিখতে পারেন। আমাদের রক্ত ও শিরায় বইছে সহনশীলতা। অথচ গত বেশকিছু বছর ধরে মুসলিমরা আমাদের (হিন্দুদের) পূজা ও সংস্কৃতি নিয়ে আপত্তি করছে। তারা আমাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছে। যারা আল্লাহকে মানে না তারাই তাদের কাছে কাফির। এটা কি শান্তির নমুনা হতে পারে?’
তার কোনো মুসলিম বন্ধু আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই আমার প্রচুর মুসলিম বন্ধু আছে। তবে তারা উদারমনা মুসলিম।’
এর আগে ২০১৬ সালে ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে বক্তব্য দেয়া ও উস্কানিমূলক মন্তব্য করায় মামলার শিকার হন ভারতের কর্ণাটক রাজ্য থেকে পাঁচবার নির্বাচিত এ এমপি। ইসলামকে সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে মন্তব্য করায় ‘ধর্মবিশ্বাসকে অপমান ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য’র অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়।







