কাঁধের ইনজুরির কারণে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে আর খেলতে পারছেন না বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পেও তিনি আপাততঃ যোগ দিতে পারছেন না। তবে, ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট ক্রিকেটকেই গুরুত্ব দিচ্ছেন ওপেনার তামিম ইকবাল।
ভিসা জটিলতা কাটিয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ২০ জুলাই ইংল্যান্ডে যান বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। ‘ন্যাট ওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্ট’এ সাসেক্সের হয়ে ২১ ও ২২ জুলাই দু’টি ম্যাচ খেলেন মোস্তাফিজ। এসেক্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ইংলিশ দর্শকদের মুগ্ধ করেন এই তরুণ কাটার মাস্টার।
তবে কাঁধের ইনজুরি আটকে দিয়েছে মোস্তাফিজকে। খেলা হচ্ছে না ‘রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ’। এরইমধ্যে ২৪ জুলাই ওয়ানডে ম্যাচ খেলা হয়নি তার। অপেক্ষার শেষটায় সাসেক্স কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ‘কাঁধের ইনজুরি গুরুতর হওয়ায়’ এ মৌসুমে আর খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আগেই নির্দেশনা ছিল, চোট উপেক্ষা করে মাঠে নামানো যাবে না মোস্তাফিজকে। তাই আপাতত দেশে ফিরিয়ে না এনে ইংল্যান্ডেই চিকিৎসা করানো হবে তাকে।
জাতীয় দলের নির্ভরযোগ্য এই পেসারকে ছাড়াই অনুশীলন করছে তামিম-রিয়াদরা। অক্টোবরে অনুষ্ঠেয় ইংল্যান্ড সিরিজে টেস্টে ভালো করাই ওপেনার তামিমের লক্ষ্য। সবটা মিলিয়ে ভালো সিরিজ খেলাই লক্ষ্য তামিম ইকবালের।







