গুলশানে ইতালির নাগরিক সিজার টাভেলা হত্যাকাণ্ডের দু’দিন পরও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। আশপাশের বাড়ি থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা করছেন তারা।
মামলার তদন্তভার মঙ্গলবার রাতেই গুলশান থানা থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সকাল সাড়ে ১০টায় গোয়েন্দা পুলিশের ৫ সদস্যের একটি টিম গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তারা ঘাতকদের আসা এবং পালিয়ে যাওয়ার পথ, গুলি করার দূরত্বসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডে ২টি মোটর সাইকেলে ৫ ঘাতক ছিলো বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। সিসি ক্যামেরায় ২ মোটর সাইকেলে ঘাতকদের পালিয়ে যেতে দেখা গেছে।
ইতালির নাগরিক হত্যার পর গুলশান, বারিধারা, বনানী কূটনৈতিক জোনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই সব থানার পুলিশ সদস্যদের ছুটি বাতিল করে তাদের নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে। অন্য থানা এলাকা থেকেও কূটনৈতিক জোনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।







