ইউরোতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আয়ারল্যান্ড।
এ জয়ে শেষ ষোলোর পথও নিশ্চিত হয়েছে তাদের। অপরদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ইতালি।
লিলে’তে বুধবার রাতে ম্যাচের দশম মিনিটে গতবারের রানার্সআপদের চমকে দিতে বসেছিল আয়ারল্যান্ড। ২৫ গজ দূর থেকে মিডফিল্ডার জেফ হেনড্রিকের শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গেলে বেঁচে যায় ইতালি।
বিরতির আগ দিয়ে আক্রমণে যায় ইতালি। তবে গোল আদায় করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাওয়ার জন্য প্রতিপক্ষের শিবিরে আক্রমণ অব্যাহত আজ্জুরিদের। ম্যাচের ৫৩ মিনিটে সিলিওর ডি বক্সে বাড়ানো বলে জাজার ভলি ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।
ম্যাচের ৮৫ মিনিটে আইরিশ রূপকথা লেখেন ব্র্যাডি। হুলাহানের বাড়ানো ক্রসে হেডে জয়সূচক গোল করেন রবি ব্র্যাডি।






