কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ১৯৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ জয়ের পাশপাশি আইসিসি টেস্ট র্যাংকিং’র শীর্ষস্থান ফিরে পেয়েছে হোস্ট ভারত।
৩৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা ব্ল্যাক-ক্যাপসের দ্বিতীয় ইনিংস ১৯৭ রানে ধ্বসে গেলে ভারত একদিন বাকি থাকতেই ম্যাচ ও সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সারে।
প্রথম ইনিংসে ১১২ রানের লিড পাওয়া ভারত আগের দিনের ৮ উইকেটে ২২৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অপরাজিত হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৩ রান।
৩৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দারুণ লড়াই জমিয়ে তোলে ওপেনার ল্যাথামের ৭৮ রানের ইনিংসে। এক পর্যায়ে ১ উইকেটে ১০৪ রান তোলা নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ধ্বসে যায় ১৯৭ রানে।
ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও পেইসার সামি। ম্যাচ-সেরার স্বীকৃতি পেয়েছেন ঋদ্ধিমান সাহা। ৮ অক্টোবর ইন্দোরে শুরু তৃতীয় টেস্ট।








