বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন করেছেন। ‘ফুটবলের মাধ্যমে অংশীদারিত্ব জোরদারকরণ’ এর জন্য মিলারের এ সফর। বাফুফে মিলারের পরিদর্শনে স্বাগত জানিয়ে উষ্ণ সংবর্ধনা দিয়েছে।
মিলার বাফুফেতে এলে তাকে নারী জাতীয় দলের একটি জার্সি এবং বাফুফের ক্রেস্ট উপহার দেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বাফুফের সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে সভা হয় এবং সেটি ফলপ্রসূ হয়েছে বলে বর্ণনা করা হয়েছে। এসময় ফুটবল উন্নয়ন এবং ক্রীড়া কূটনীতিতে সহযোগিতা জোরদারের উপর আলোকপাত করা হয়।
সভার পর মাইকেল মিলার এবং প্রতিনিধি দলটি বাফুফের অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন। দেশব্যাপী সকল স্তরে ফুটবলের প্রচারের লক্ষ্যে পরিচালিত সুযোগ-সুবিধা এবং চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতিনিধি দলটি। বাফুফে সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং ফুটবলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।







