ইউরোপীয় ইউনিয়ন বিদায়ী রাষ্ট্রদূতের আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল প্রেরণ করার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন বাংলাদেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রশংসা করেছেন।
রোববার ইইউ’র বিদায়ী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাদের উদ্যোগে ২০০৮ সালের নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগের প্রশংসা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী ।
পিয়েরে মায়েদুন ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের উন্নতিতে সন্তোষ প্রকাশ করে নিজেকে এই পরিবর্তনের সাক্ষী হিসেবে উল্লেখ করেন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট, ব্লু ইকোনোমির প্রশংসা করেন ।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় তৈরি পোষাক শ্রমিকদের ন্যুনতম মজুরি ১৬০০ টাকা থেকে ৫৩০০ টাকা করার কথা উল্লেখ করেন তিনি। শ্রমিকদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম।







