ট্রান্স-তাসমানিয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে আরেকটি হারের মুখে পড়েছে ইংল্যান্ড। শনিবার জস বাটলারের দলকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৭ রানের বেশি আগাতে পারেনি ইংল্যান্ড। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩৩ বল হাতে রেখেই জয়ে নোঙর ফেলে অস্ট্রেলিয়া।
টপঅর্ডারের ব্যর্থতার মূল্যই দিতে হয়েছে ইংলিশদের। রয় ৮, হেলস ৩, মালান ১০, ভিন্স ২১ রানে ব্যর্থ হয়ে ফিরেছেন। মিডলঅর্ডারে বাটলারের ৪৬ ও বিলিংস ২৯ রান করে লড়াইয়ের পুঁজি দাঁড় করান।
অজিদের হয়ে রিচার্ডসন ৩টি ও স্ট্যানলেক ২টি করে উইকেট নিয়ে ইংলিশদের চাপে রেখেছিলেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওয়ার্নারকে (২) হারালেও শর্ট এবং লিন মিলে সংগ্রহ এগিয়ে নেন। লিন ৪ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৩১ রান করে খানিকটা কাজ এগিয়ে যান। ৩ চার ও ২ ছয়ে ২৬ বলে ৩৯ রান করে পরের কাজটুকু সেরে যান ম্যাক্সওয়েল।
লিন জয়ে নোঙর ফেলা পর্যন্ত ছিলেন। মাঠ ছাড়ার সময় ৩৬ রান তার নামের পাশে। শেষদিকে ২টি করে চার-ছয়ে ৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন ফিঞ্চ।








