ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট নেয়া অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এ ব্যাপারে শুনানির জন্য ২৯ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা এক আবেদনের শুনানি বিষয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে থাকা এম মনজুর আলম জানিয়েছেন, ২৯ জানুয়ারির মধ্যে আবেদনকারীকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট গত ১২ ডিসেম্বর রায় দেন।
আইনজীবীরা জানান, গত বছরের ৫ জুন এনবিআর একটি পরিপত্র জারি করে। এর একটি অংশে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। পরে এর বৈধতা নিয়ে রিট হলে আদালত রায় দেন। এর ধারাবাহিকতায় ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।










