মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী প্রাণভিক্ষা চেয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,প্রথমে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং পরে সালাউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করে প্রাণভিক্ষার আবেদন করেন। সালাউদ্দিন কাদের আবেদন করেন ইংরেজিতে। সরকারের কাছে এর প্রমাণ আছে। সুতরাং এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।
দণ্ডিতদের পক্ষে আন্তর্জাতিকভাবে বিভ্রান্তি ছড়াতেই নানারকম প্রচারণা চালানো হচ্ছে। এমন অভিযোগ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংবিধান অনুযায়ী তারা ক্ষমা চেয়েছেন বলেই আবেদন রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত গিয়েছিল।
আইন মন্ত্রী বলছেন, আইন মোতাবেক তারা আবেদন করেছেন, রাষ্ট্রপতি ক্ষমা করেননি তাই আইন ও সংবিধান মোতাবেক সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এ নিয়ে বিতর্কের কোন সুযোগ নেই। কারণ ঐ দুই যুদ্ধাপরাধী সই করেই চিঠি পাঠিয়েছেন।
যুদ্ধাপরাধের দায়ে দন্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার আগেই পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন তাঁরা প্রাণভিক্ষা চাননি।






