আড়াই বছরের চুক্তিতে এভারটনের কোচের দায়িত্ব নিলেন সাবেক ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ৪৩ বছর বয়সী ল্যাম্পার্ড চলতি মাসে বরখাস্ত হওয়া কোচ রাফায়েল বেনিটেজের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে ইপিএলের ক্লাব চেলসির কোচের দায়িত্বে ছিলেন ল্যাম্পার্ড। এক বছর আগে তাকে বরখাস্ত করার পর ক্লাবটির কোচের দায়িত্ব দেন থমাস টুখেল।
দলের দায়িত্ব নিয়ে ল্যাম্পার্ড বলেন, ‘এভারটনের মতো বড় ও ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধিত্ব করা এবং পরিচালনা করা আমার জন্য একটি বিশাল সম্মানের বিষয়।’
‘এভারটন একটি অনন্য ক্লাব যেখানে আপনি সত্যিই বুঝতে পারবেন ভক্তরা কী দেখতে চায়। প্রথম জিনিসটি তারা চায় লড়াই এবং আকাঙ্ক্ষা এবং এটি সবসময় আমাদের ভিত্তি হতে হবে।’
‘খেলোয়াড়দের প্রতি আমার প্রথম বার্তা হবে যে, আমাদের একসাথে এটি করতে হবে। আমরা আমাদের কাজ করার চেষ্টা করব এবং আমি জানি ভক্তরা আমাদের সমর্থন করবে।’
এফএ কাপের চতুর্থ রাউন্ডে আগামী শনিবার বেন্টফোর্ডের বিপক্ষে নিজের নতুন যাত্রা শুরু করবেন ল্যাম্পার্ড।








