বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’, জনপ্রিয় এই ব্যান্ড দলের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। যিনি কথায় কথায় নানা কথা বলেছেন তার গাওয়া জনপ্রিয় ও পুরস্কার পাওয়া ‘আহারে জীবন’ গানটি নিয়ে।
আজ সোমবার চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথাগুলো বলেন তিনি।
চলচ্চিত্রে গানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮-এর আসরে চলচ্চিত্রের গান বিভাগে ‘সেরা গান’-এর পুরস্কার ঘরে তুলেছে ‘চিরকুট’। ব্যান্ডের গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও দাপট নিয়ে কাজ করছেন তারা। এবার চলচ্চিত্রের গান দিয়ে পেলেন এ স্বীকৃতি।
গত ২১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এর ১৩তম আসর। আয়োজনটি নিবেদন করেছিলেন সেভেন আপ। সেখানে ওই পুরস্কার পেয়েছেন শারমিন সুলতানা সুমি।
পুরস্কার পাওয়া সর্ম্পকে সুমি বলেন, এটি ছিল আমাদের চিরকুটের পাওয়া তৃতীয় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। এর আগে আমরা সেরা ব্যান্ড হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলাম ‘জাদু শহর’ অ্যালবামটির জন্য। এরপরে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার পাভেল পেয়েছিল বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে। আর এবার পেয়েছি মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমার ‘আহারে জীবন’ গানটির জন্যে। যেটা বেস্ট চলচ্চিত্রে গান ছিল। এটা একটা অন্যরকম অনুভূতি এবং সেই সাথে অ্যাওয়ার্ডটির জন্য চ্যানেল আই’কে আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা।
‘আহারে জীবন’ গানটি বিষয়ে সুমি বলেন, সাধারণত আমাদের একটি গান লিখতে খুব একটা বেশি সময় লাগে না, তবে ‘ডুব’ এর এই ‘আহারে জীবন’ গানটি লিখতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন থেকে চার মাস। গানটি লেখার সময় ফারুকী ভাইও এর সাথে সম্পৃক্ত ছিলেন। যার ফলে গানটির কথা অনেকবার চেঞ্জ করা হয়েছে। এবং সেটা ফারুকী ভাই’ই করতে বলেছেন। উনার কাছ থেকে শুনে শুনেই গানের কথাগুলো আমি তৈরি করি।
ডুব সিনেমায় ওই গানটি গাওয়া ছাড়াও মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ও ‘পিঁপড়াবিদ্যা’ নামক চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন শারমিন সুলতানা সুমি।







