এই প্রথম বাজারে আসছে হিজাব পরা বারবি। মার্কিন অলিম্পিক জয়ী ইবতিহাজ মোহাম্মদের সম্মানে হিজাব পরা এই বারবি ডলটি সোমবার উন্মোচিত করল বারবি ডল নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাটেল। ২০১৮ সাল থেকে এই বারবিগুলো বিক্রি করা শুরু হবে।
টুইটারে ইবতিহাজ বলেন, ‘ছোট মেয়েরা এখন হিজাব পরা বারবি পুতুল দিয়ে খেলতে পারবে। আমি খুবই গর্বিত। আমার ছোট বেলার স্বপ্ন পূরণ হলো।’
বারবির গ্লোবাল মার্কেটিং এর ভাইস প্রেসিডেন্ট শাহ মিলার বলেন, ‘অসংখ্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এই পুতুল। ইবতিহাজকে সম্মান জানানোর পাশাপাশি এই পুতুল মেয়েদের কে মনে করিয়ে দেবে, তারা যে কোনো কিছু হতে এবং করতে পারে।’
২০১৬ থেকে বারবি পুতুল বিভিন্ন রঙ এবং গড়নের তৈরি করা হচ্ছে। এমনকি বারবি পুতুলের বয়ফ্রেন্ডও পাওয়া যাচ্ছে তিন ধরণের শারীরিক গঠন এবং ৭ ধরণের রঙ এর। আর, ২০১৫ সাল থেকে সাহসী নারীদের সম্মাননা জানাতে বারবির ‘শিরো’ কাজ করছে। এর আগে জিমনাস্টিক গ্যাবি ডগলাস, মডেল অ্যাশলে গ্রাহাম, ব্যালেরিনা মিসটি কোপল্যান্ড এবং নির্মাতা এভা ডুভার্নেয় এই সম্মাননা পান।
৩১ বছর বয়সী ইবতিহাজ মোহাম্মদ ছিলেন প্রথম আমেরিকান নারী যিনি হিজাব পরিহিত অবস্থায় অলিম্পিক গেমে প্রতিযোগিতা করেছিলেন। প্রথম মুসলিম আমেরিকান হিসেবে অলিম্পিকে পদকও জিতে নিয়েছিলেন এই প্রতিযোগী। সিএনএন।








