ব্রিটিশবিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী অন্যতম ব্যক্তিত্ব সত্যেন সেন। সাংবাদিক, ঔপন্যাসিক, ঐতিহাসিক ও রাজনীতিবিদ সত্যেন সেনের জন্ম ১৯০৭ সালের ২৮ মার্চ মুন্সিগঞ্জ জেলায়। এবার সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে তার রচিত গণসংগীত নিয়ে অ্যালবাম তৈরি করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। অ্যালবামের শিরোনাম ‘গণ মানুষের গান ৬’।
জানা গেছে, সত্যেন সেনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গণসঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ‘গণ মানুষের গান ৬’ অ্যালবামের মোড়ক খুলবেন সত্যেন সেনের একান্ত সহচর গোলাম মোহাম্মদ ইদু ও উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানী।
সত্যেন সেন আজীবন মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন। গড়েছেন উদীচী। লিখেছেন অসংখ্য গণসংগীত। তার গানে রয়েছে দুঃশাসন আর শোষণ থেকে মেহনতি মানুষের মুক্তির অভিপ্রায় এবং সাম্যবাদী ও মুক্ত মানুষের মুক্ত সমাজ গঠনের প্রত্যয়। সত্যেন সেনের লেখা ও সুর করা ১১টি গণসংগীত রয়েছে এই অ্যালবামে।









