আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬

হাতের বাঁধন ও শাস্তির প্রতীক হিসেবে আঁকা একটি ছবি, যা বিচার ও শাস্তির গুরুত্ব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেছেন। শুক্রবার রাতেই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাতে এক তরুণী তার বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে একটি বাসে করে নারায়ণগঞ্জের চাষাড়া নিজেদের বাড়ি যাচ্ছিলেন। তিনি জানান, পথে সব যাত্রীকে নামিয়ে দেয় বাসচালক ও তার সহযোগী। সে সময় ওই তরুণীকে জোর করে বাসে করেই নবীনগর নিয়ে যায় চালক। পথে আরও কয়েকজনকে বাসে তোলা হয়। এক পর্যায়ে বাসের জানালা-দরজা বন্ধ করে তরুণীকে ধর্ষণ করে চালক, সহকারী ও পরে বাসে আরও কয়েকজন।
আশুলিয়ার সিঅ্যান্ডবি বাইপাস সড়কে তরুণীর চিৎকার শুনে সন্দেহ হলে টহল পুলিশ বাসটি ধাওয়া করে। রাত ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার কাছ থেকে বাসটিকে থামায় পুলিশ। পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বাসচালক ও তার সহকারীসহ ছয়জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ধর্ষণ ঘটনায় জড়িত পালিয়ে যাওয়া আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।






